চকরিয়ার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বরইতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে প্রভাবশালী মহলের চাপে নির্বাচন সুষ্ট না হওয়ার আশঙ্কা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এ নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী জানা যায়, চারজন অভিভাবক প্রতিনিধির বিপরীতে ১০ জন এবং একজন সংরক্ষিত নারী প্রতিনিধি পদের বিপরীতে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দু’জন শিক্ষক প্রতিনিধির বিপরীতে ভোটযুদ্ধে নেমেছেন আরো তিনজন শিক্ষক প্রার্থী।

জানা যায়, তফসিল ঘোষণা পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে যার মতো করে প্রচারণা চালিয়ে গেলেও বিদ্যালয়ের বর্তমান সভাপতি শাহীন মুরাদ ও এলাকার বাসিন্দা পুলিশ কর্মকর্তার অনৈতিক প্রভাব বিস্তারে সুষ্ঠ নির্বাচন বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন লক্ষ্যে ম্যাজিষ্ট্রেট নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তারা। ইউএনও বিষয়টি আমলে নিয়ে নির্বাচনের দিন পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়োগের জন্য চকরিয়া থানার ওসিকে নির্দেশনা প্রদান করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম বলেন, নির্বাচন যাতে সুষ্ঠ, নিরপেক্ষ হয় সেজন্য ব্যবস্থা নিতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।