কম খরচে, কম পরিশ্রমে ফসল ঘরে তোলা যায় বলে ঝিনাইদহের শৈলকুপায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভুট্টা চাষে কৃষকদের সহায়তা অব্যাহত থাকায় আগের চেয়ে উৎপাদনও বেড়েছে। এ বছর উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে ভুট্টা চাষ হয়েছে ৫৫০ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ধারণা করা হচ্ছে, গড় ফলন প্রতি হেক্টর জমিতে ১১ টন।
সূত্রে আরো জানা যায়, এ বছর সরকারি প্রণোদনা হিসেবে ২০০ কৃষককে ভুট্টা বীজ ও সার দেয়া হয়েছে। এবার ডন ১১১, ডন ১১২, এনএইচ ৭৭২০, বিআর ৯২১৭, তাসলিম এইচ ৫৫, বিকেছি ৫১৬৫, বিকেছি ৮২২৫, পেট্রোকেম ৩৩৫০ জাতের ভুট্টা বেশি চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়া, কম খরচে অধিক ফলন, অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
ধলহরাচন্দ্র গ্রামের দিনবন্ধু মণ্ডল বলেন, ‘চলতি মৌসুমে এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করছি, জমিতে ৪০ থেকে ৫০ মণ ভুট্টা উৎপাদন হবে। আগামী বছর আরো বেশি জমিতে ভুট্টা চাষ করবো।’
ভাটই গ্রামের মুনতাসিরুল বলেন, ‘এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। সব মিলিয়ে খরচ হয়েছে ১০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে উৎপাদন ভালো হলে ৪০ থেকে ৫০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারবো।’
শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘কম পরিচর্যায় উৎপাদন বেশি হওয়ায় কৃষকও লাভবান হয়ে ভুট্টা চাষে ঝুঁকছে। অন্যান্য বছরের তুলনায় এ উপজেলায় এবার দ্বিগুণ পরিমাণ ভুট্টা চাষ হয়েছে। কৃষি অফিস সাধ্যমতো চেষ্টা করে ভুট্টা চাষিদের নানারকম পরামর্শ দিচ্ছে।’



