পাবনার বেড়া উপজেলার ইউনিয়নের ঢালারচর গ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩টায় ঢালারচর গ্রামের বাচ্চু সরদার চকলেট দেয়ার কথা বলে শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। ধর্ষক কৌশলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুকে বেড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় শিশুটির চাচা (পালিত বাবা) আমিনপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বিকেল আনুমানিক ৩টার দিকে ঢালারচর ইউনিয়নের ঢালারচর গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে বাচ্চু সরদার। এ ঘটনায় শিশুর চাচা আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ধর্ষককে পাবনা আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।