পাবনার সাঁথিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে হামলা, মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ন্যায় বিচার চেয়ে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাবা মওলানা আবু তাহের মিয়া (৮০)।

শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের সুন্দরকান্দি গ্রামে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মোট জমি প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে অংশ হিসেবে রেজিস্ট্রি করে দিয়েছি। সে অনুযায়ী ছোট ছেলে ফয়সাল জমি দখল নিতে গেলে অপর ছেলে ফিরোজ ও ফরিদ বাধা দেয়।

ফিরোজ পাবনা শহরে বসবাসরত প্রথম পক্ষের ছেলে মাহবুবুল আলম ফারুককে মোবাইলফোনে বিষয়টি জানালে শুক্রবার (২২ মার্চ) বিকেলে ফারুক (৪৫) পাবনা থেকে সরকারি মনোগ্রাম (স্ট্রিকার) যুক্ত পাজেরো জিপ গাড়িতে (ঢাকা মেট্রো- ঘ ১১-১৬১৮) পাঁচ-সাতজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে করে দেশিয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলা চালায় এবং আমার দ্বিতীয় পক্ষের ছেলে শামসুল আলম ফয়সালকে (২৫) মেরে ফেলার জন্য খুঁজতে থাকে। ভয়ে ফয়সাল পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় আমি, আমার স্ত্রী ও পুত্রবধূর আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় ফারুকসহ তার হেলমেট পরিহিত সহযোগীরা এলাকাবাসীর ওপর হামলা করে। এলাকাবাসী তাদের প্রতিহত করতে গেলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং সন্ত্রাসীদের আটক করে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে গাড়িসহ থানায় নিয়ে যায়। থানায় আমার ছেলে ফয়সাল মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। বরং উল্টো ফারুক ফয়সালসহ সাতজন নামীয় ও অজ্ঞাত ১৫-২০ জনের নামে মিথ্যা মামলা করে। আমি ওই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফয়সালের মা সালমা বেগম, স্ত্রী মনিরা আক্তার মৌ, ইন্তাজ আলী, ইয়াছিন আলী, ছাত্তার প্রামানিকসহ এলাকার শতাধিক নারী পুরুষ।