নরসিংদীর পলাশে মফিজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে মারধর করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আবুল বাশারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার।

আবুল বাশার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের ফুলু বক্সের ছেলে।

পুলিশ জানান, ৮ মার্চ সকালে ডাঙ্গার দেলোয়ার সুপার শপের মালিক মফিজ উদ্দিন তার শপের মালামাল কেনার জন্য একটি বাজারের ব্যাগে করে ২৫ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। ওই সময় ইউনিয়নের কাজীরচর গ্রামের নতুন ঈদগাহ এলাকায় পৌঁছালে আগে থেকেই উৎ পেতে থাকা একদল সন্ত্রাসী ব্যবসায়ী মফিজ উদ্দিনের ওপর হামলা চালায় এবং তার টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় ২০ মার্চ পলাশ থানায় আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো চার-পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে আবুল বাশারকে গ্রেফতার করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।