ভোলার লালমোহন উপজেলা সদর থেকে দালাল বাজার ও লর্ড হার্ডিঞ্জ সড়কের চতলা বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটির নির্মাণ কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক বছর জরাজীর্ণ ও যাতায়াতের জন্য মরণফাঁদে পরিণত হয়েছিল সেতুটি। ধলী গৌরনগরের ঐতিহ্যবাহী চতলার হাট (চতলা বাজার) সংলগ্ন এই সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে। সেতুর মাঝ বরাবর গর্ত সৃষ্টি হয়েছে। এটির অবস্থা এমন যে, যেকোনো সময়ে সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। ইট ও ঢালাই খসে পড়ায় সেতুর রডের ফাঁক দিয়ে খালের বহমান পানি দেখা যায়। এমন অবস্থায় সেতুটির দুই পাশে কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও টানানো হয়নি।
এ বিষয়ে গত বছরের ২১ জুন নয়া দিগন্তে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর জরাজীর্ণ সেতুটির ব্যাপারে স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপজেলা (এলজিইডি কর্তৃপক্ষ) দৃষ্টিগোচর হয়। প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেয় এলজিইডি কর্তৃপক্ষ। এখন সেতুটির নির্মাণ কাজ চলমান রয়েছে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা নয়া দিগন্তকে বলেন, প্রায় দুই কোটি টাকা বরাদ্দ হয়েছে সেতুটি নির্মাণ কাজের জন্য। সেতুটির নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজ শেষ করতে একটু সময় লাগবে।



