নওগাঁর রাণীনগরে অগ্নিকাণ্ডে একটি কাঠের স-মিলসহ হোমিও ওষুধের দোকান, ফলের দোকান, মুদি দোকান ও নাপিতের সেলুনসহ ছয়টি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়েছে।

বুধবার (২২ মে) ভোররাতে উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় গেট-সংলগ্ন কাচুঁর মোড় জসিম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

মার্কেটের মালিক কালীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল জানান, বুধবার ভোর রাতে হঠাৎ করেই তার সোনা করাত কল কাঠের স-মিলে আগুন দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ততক্ষণে সোনা করাত কল স-মিল থেকে আগুন ছড়িয়ে পরে একটি মুদি ও ফলের দোকান, একটি হোমিও ওষুদের চেম্বার, একটি ডিমের দোকান এবং একটি সেলুন ও মালামাল রাখার গুদামসহ ছয়টি দেকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন ধরেছে নাকি কেউ আগুন ধরে দিয়েছে তা এখনো স্পষ্ট করে বলতে পারছেন না তিনি।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। ততক্ষণে করাত কলসহ পাঁচ-ছয়টি দোকান ঘর ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।