কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনার জেরে মায়ের সাথে অভিমান করে মির্জা সাজ্জাত হোসেন নুর (১৩) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সে উপজেলার ঢেঁকিয়া গ্রামের মির্জা মোবারক হোসেনের ছেলে এবং হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, অত্যন্ত মেধাবী ওই শিক্ষার্থী গত কয়েকদিন ধরে কম্পিউটারে গেমস খেলায় বেশি আসক্ত হয়ে পড়ে। তাছাড়া নিয়মিত স্কুলে না যাওয়ায় এ নিয়ে তার মা তাকে বকাঝকা করেন। তাই সে রাগে-ক্ষোভে ও মায়ের সাথে অভিমান করে ‘মা কম্পিউটার’ নামের একটি ফটোকপির দোকানে শাটার বন্ধ করে বৈদ্যুতিক পাখার সাথে তার পেঁচিয়ে আত্মহত্যা করে ৷

খবর পেয়ে তার মামা দোকানের পেছন দিক দিয়ে প্রবেশ করে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। এ সময় সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।