কমিটি গঠনে বাণিজ্য, আওয়ামী লীগের সাথে আতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেয়ার অভিযোগে ইন্দুরকানীতে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩৬ সদস্যের মধ্যে ২২ নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইন্দুরকানী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ২২ জনের স্বাক্ষর থাকলেও এ সময় আটজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ শিকদার। লিখিত বক্তব্যে তারা জেলা ও উপজেলা কমিটির বিরুদ্ধে কমিটি গঠনে উৎকোচ গ্রহণ, আওয়ামী লীগের সাথে আতাতকারী ও দীর্ঘদিন দলে নিষ্ক্রীয়দের কমিটিতে স্থান দেয়ার অভিযোগ এনেছেন। উদাহরণ হিসেবে তারা বালিপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল জলিল দুই বছর আগেও দলের সাথে যুক্ত ছিলেন না এবং শহিদুল ইসলাম বাবুল দলে নিস্ক্রীয় হলেও তাকে আহ্বায়ক করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক এম ছগির, আবুল কালাম আজাদ, সদস্য দুলাল ফকির, নুরুজ্জামান নাদিম ও আবুল কালাম খান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ হোসেন বলেন, নিয়ম অনুসারে জেলা ও উপজেলার নেতাদের সবার সাথে আলোচনা করেই এ কমিটি গঠন করা হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্য হয়নি। 
পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামাল লাভলু বলেন, কারা পদত্যাগ করেছে এবং কী কারণে করেছে তা জানি না। কপি হাতে পাওয়ার পর বলতে পারব। আর বিএনপিতে কমিটি গঠনে বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না। যারা তুলনামূলক কম পদ পায় তারাই বাণিজ্যের অভিযোগ আনে।