রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার হলরুমে পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
প্যানেল মেয়র ও কাউন্সিলর ফজলুল হকের সঞ্চালনায় হিসাবরক্ষক ওম্বর আলী বাজেট উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ১৩৭ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৬ লাখ ৯২ হাজার ৬৩৭ টাকা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম খান, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়াসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।