নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর ধান ক্ষেত থেকে দেড় বছরের শিশু আয়েশার লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকাল এগারটার দিকে মনোহরদী পৌরসভাস্থ হাররদীয়া এলাকার ধান ক্ষেত থেকে আয়েশার লাশ উদ্ধার করা হয়। আয়েশা মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছবিসহ পোস্ট দেয়ার পরও নিহত আয়েশা কে না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। অবশেষে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশার লাশ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী। আয়েশার লাশ দেখতে পাওয়ার পর তার পরিবার এবং মনোহরদী থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার লাশ উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



