পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলের এক প্রধান শিক্ষক টানা আট মাস বিদ্যালয়ে অনুপস্থিত। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দীর্ঘদিন এভাবে অনুপস্থিত থাকার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
জানা গেছে, উপজেলার সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার হালদার গত ২০২৩ সালের ১৯ অক্টোবর দুর্গাপূজার ছুটিতে শিক্ষা অফিসকে না জানিয়ে অবৈধভাবে ভারতে যান। অবৈধপথে যাওয়ার কারণে ভারত সরকার তাকে আটক করে কারাগারে পাঠায়। ভারতের জেলহাজতে থাকায় তিনি এ যাবৎকাল বিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না। সাউদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক ফারুক হোসেন জানান, রতন কুমার ভারতে চিকৎসায় গেছেন।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, প্রধান শিক্ষক রতন কুমার হালদার বছরে ২-৩ বার অবৈধ পথে ভারতে যান। তবে এবার ভারতে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠিয়েছে বলে শুনেছি। পিরোজপুর জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্রগাছিকে তার মোবাইল ফোনে কয়েকবার ফোন দিয়ে না পেয়ে পরে এসএমএস দেয়ার পরও তিনি সাড়া দেননি।
এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ওই শিক্ষক আমাদের না জানিয়েই আট মাস ধরে অনুপস্থিত। গত দুর্গাপূজার ছুটির পর আর বিদ্যালয় আসেননি। তার বেতন বন্ধ করে দেয়া হয়েছে। তার অনুপস্থিতির বিষয় জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তবে তিনি কৌশলে বাগেরহাট থেকে পরপর দুই মাসের মেডিক্যাল লিভের কাগজপত্র পাঠিয়েছে।