গাজীপুরের কালীগঞ্জে গত তিন দিন ধরে তৌফিকুল ইসলাম সিফাত (৭) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে পালিয়ে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সিফাত কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্তী গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে এবং পৌর এলাকার দূর্বাটি হিউম্যান বাড টিউটোরিয়াল মাদরাসার আবাসিক হোষ্টেলের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে অত্র মাদরাসা থেকে পালিয়ে বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
সিফাতের বাবা মো: রফিকুল ইসলাম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমার ৭ বছরের সন্তান দুর্বাটি হিউম্যান বাড টিউটোরিয়াল মাদরাসায় আবাসিকে ভর্তি ছিল। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় মাদরাসা থেকে পালিয়ে বাড়ি ফেরার পথে হারিয়ে গিয়ে নিখোঁজ হয় এবং আর বাড়ি ফিরেনি।’
সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগীতা কামনা করেছে সিফাতের পরিবার।



