রাজবাড়ীর গোয়ালন্দে সর্বহারা পার্টির সহিদ (৪৫) নামে এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তার গ্রুপের সদস্যরা। টাকার ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত সহিদের বাড়ি পাবনা জেলার ঢালার চরে। তবে বাবার নাম জানা সম্ভব হয়নি।

সূত্রে জানা গেছে, অবৈধ আয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তার গ্রুপের অন্য সদস্যরা উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রিয়াজদ্দিন পাড়ার পাশে বৈরাগীর ডাঙ্গা মাঠের মধ্যে একটি মেহগনি বাগানে তাকে ডেকে নেয়। একপর্যায়ে অজ্ঞাত ওই সদস্যরা বাঁশের লাঠি দিয়ে সহিদকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় গ্রুপের ওই সদস্যরাই তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। সেখানের জরুরি বিভাগে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঘটনার খবর পেয়ে মারধরের ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করণে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’