ভোলার বোরহানউদ্দিনে নয় হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামের এক মাদককারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
রোববার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মরহুম আজাহার মীরের ছেলে। গেল একমাস আগে আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছিল পুলিশ।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ(প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হাকিমুউদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে নয় হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনকে আটক করে। আটককৃত মাদককারবারি ঢাকা থেকে তাসরিফ ১৪ লঞ্চযোগে ভোলায় আসছিল। এর দুই মাস আগে বোরহানউদ্দিন থানার পুলিশ দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে আটক করেছিল।
পুলিশ বলছে, তারা শ্যালক-দুলাভাই একত্রিত হয়ে মাদককারবারি করে। তবে এই বিপুল পরিমাণ মাদক আলাউদ্দিন কোথায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে এনেছিল তার বিস্তারিত কোনো তথ্য পুলিশ সাংবাদিকদের নিশ্চিত করতে পারেনি।



