কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপভ্যানের চাপায় সুফিয়া খাতুন (৪০) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন তার মেয়ে সাথী আক্তার (১৩)।

সোমবার (১৫ জুলাই) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকার খুসবুর স’মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের মো: কামাল হোসেনের স্ত্রী।

সুফিয়ার প্রতিবেশীরা জানায়, মেয়েকে নিয়ে দিনের বেশিভাগ সময় উপজেলার বিভিন্ন স্থানে হাঁটাহাঁটি করতেন মানসিক ভারসাম্যহীন সুফিয়া। প্রতিদিনের মতো সোমবার সকালে মেয়েকে নিয়ে বাড়ি থেকে হাঁটতে বের হলে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকায় ব্যস্ততম ওই সড়কটি পার হতে গিয়ে কিশোরগঞ্জ থেকে ভালুকাগামী একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন এবং মেয়ে সাথীকে হাসপাতালে ভর্তি করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো ঘটনার সত্যতা নিশ্চিত করেন।