ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) কাজল রেখার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি তার অনিয়মের বিষয়ে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রকের বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন রুহিয়া এলাকার বেশ কয়েকজন মিল মালিক এবং কৃষকরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওসি এলএসডি কাজল রেখা রুহিয়া খাদ্যগুদামে আসার পর থেকে দুর্নীতিসুলভ আচরণ করে আসছে। মিল মালিক এবং কৃষকরা গুদামে ধান সরবরাহ করতে গেলে কেজি প্রতি ১.৫ টাকা থেকে ২ টাকা উৎকোচ দাবি করেন তিনি। যারা টাকা দেন, তাদের ধান গুদামে খামাল করা হয়। এছাড়াও যারা বস্তাপ্রতি ৭০-৮০ টাকা উৎকোচ দেন, তাদের কাছ থেকে নন-শর্টার চাল সংগ্রহ করেন তিনি। এছাড়াও মিলের বরাদ্দ অনুযায়ী মিলাররা গুদামে চাল দিতে এলে চাল খারাপ বলে বিভিন্ন ভাবে মিলারদের হয়রানি করা হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক চাল কল মালিক বলেন, ওসি এলএসডি কাজল রেখা আমাদের লিখিত অভিযোগে যে গুদামের চালের খামালে নন-শর্টার চালের কথা উল্লেখ ছিল, অভিযোগের পরের দিনে সেই গুদামের চাল তিনি সরিয়ে দিয়েছেন।
রুহিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজল রেখা বলেন, আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পুরো মিথ্যা, আসলে তিনজন মিলার গুদামে ধান সরবরাহ করতে এলে কিছু ধানের সমস্যা দেখতে পাই এবং ধান গ্রহণে অস্বীকার করি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাছান জানান, এ বিষয়ে অভিযোগ করেছে শুনেছি তবে আমার হাতে অফিসিয়ালি কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।