বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমিক আঙ্গিনায় মজবুত ট্রেড ইউনিয়ন বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে।
বুধবার দুপুরে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার উদ্যোগে ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রেজওয়ানুল হকের পরিচালনায় স্থানীয় এক অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার, সাবেক প্রধান উপদেষ্টা ও অঞ্চল টিম সদস্য মাওলানা আলা উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টামণ্ডলীর সহকারী প্রধান উপদেষ্টা যথাক্রমে মাওলানা সাইয়েদ আহাম্মদ, মাওলানা নিজাম উদ্দীন ফারুক, জেলা উপদেষ্টামণ্ডলীর সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
আ ন ম শামসুল ইসলাম বলেন, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে শ্রমিকদের প্রতি জুলুম নির্যাতন ও অবহেলা করা হচ্ছে। তাদের অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



