খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মাহিন্দ্রা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরিয়ম আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মা সুলতানা আক্তার (২০)।
বুধবার বিকেলে উপজেলার শান্তিপুরের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তারা পানছড়ি থেকে সিএনজিচালিত-অটোরিকশায় মাটিরাঙ্গা যাচ্ছিলেন। পথে কালাপানি এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র গাড়িকে দেখে হঠাৎ ব্রেক করে অটোরিকশাটি। এতে অটোরিকশা থাকা শিশুটি ছিটকে পড়ে এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় শিশুটির মা সুলতানা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত অটোরিকশা ও মাহিন্দ্রা গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।



