নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কোটাসংস্কার আন্দোলনে গৌরীপুর উপজেলার কলতাপাড়া পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের গাড়ি পুড়ানো মামলায় বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরন প্রধান আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ২০ জুলাই শনিবার পুলিশের সাথে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় অন্তত ৩০ জন আন্দোলনকারী আহত হন। পরে পুলিশ বাদি হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ শ’ থেকে ছয় শ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করে।
এসআই জাহাঙ্গীর আলম জানান, একই মামলায় গত শুক্রবার আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহ আলম, ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ, তারা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন ও নন্দীগ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি হাসান আল মামুন। তিনি জানান, গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।