পঞ্চগড়ে কারফিউর শিথিলের সময় যতই বাড়ছে, ততই আগের মতো স্বাভাবিক হয়ে আসছে সবকিছু। চলমান কারফিউর অষ্টম দিনে গতকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। এ সময়টাতে জেলা শহরের প্রবেশমুখে কোনো চেক পোস্ট না থাকায় স্বাভাবিকভাবেই চলাচল করেছে সব শ্রেণীর যানবাহন। সময়মতো ছেড়ে গেছে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার বাসগুলোও। তবে এখনো বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেন। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার আগেই সব দোকানপাট বন্ধ হয়ে যেত।
শনিবার অফিস-আদালত বন্ধ থাকলেও জেলা শহরে ছিল প্রচুর মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। আজ রোববারও একই সময় কারফিউ শিথিল থাকবে বলে জানা গেছে।
এ দিকে পঞ্চগড় সদর থানায় নাশকতার তিন মামলায় বিগত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত বিএনপি-জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হলো। মামলার অন্য আসামিদেরকেও গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায়।