যশোরের চৌগাছা উপজেলায় সরকারি মর্যাদ বাঁওড়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাতিবিলা ইউনিয়নের সরকারি মর্যাদ বাঁওড়ের বিভিন্ন স্থানে দিন দুপুরে অবৈধ বোমা মেশিন দিয়ে শত শত ট্রাক বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এতে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার ফসলি জমি রক্ষাবাঁধ, রাস্তা-ঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।
যশোর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বম্নি এক কিলোমিটারের মধ্যে নদী, বাঁওড়, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না।
আর এ আইনকে অবজ্ঞা করে উপজেলার পাতিবিলা গ্রামের পাতিবিলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তৌহিদ শেখ, টিটো, পাতিবিলা মাঠ পাড়ার ফারুফ আহম্মেদ, ইব্রাহিম হোসেন লিটন হোসেন, মিঠু, রওশন আলী ও আলা উদ্দীনসহ তাদের লোকজন প্রতিদিন শত শত ট্রাক বালু লুট করছে।
সরেজমিনে সরকারি মর্যাদ বাঁওড়ে গেলে চোখে পড়ে বাঁওড়ের এক অংশে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বালু তোলা শ্রমিক জিয়ারুল ও কবির হোসেনের কাছে জানতে চাইলে তারা বলেন, এ মেশিনের মালিক পাতিবিলা গ্রামের আতিয়ার রহমান শেখের ছেলে মিঠু। তারা জানায় প্রতিদিন প্রায় শত ট্রাক বালু তুলে বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। এক ট্রাক বালুর দাম ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক অবৈধ ড্রেজার মেশিন মালিক বলেন, আমরা উপর মহলকে ম্যানেজ করেই সরকারি বাঁওড় থেকে বালু লুট করে থাকি। কোনো কোনো সময় বাঁওড়ের বালু তোলা নিয়ে গোলযোগ হলে কেউ কেউ তখন সাংবাদিক বা প্রশাসনের কানে দেন।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, বোমা (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন স¤পূর্ণ অবৈধ। পুকুর, ডোবা-নালা বা গ্রামের বদ্ধখাল থেকে বালু উত্তোলনে সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত বিভিন্ন স্থাপনা, রাস্তা-ঘাট, ফসলি জমি ও গাছপালা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
অবৈধ বোমা (ড্রেজার) মেশিন মালিক ফারুক হোসেন বলেন, আমাদের ড্রেজার মেশিন যে অবৈধ সেটা আমরা জানি। বাঁওড়ে আরো অনেকেই অবৈধ মেশিন চালাচ্ছে। এমনকি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজেও আমরা অবৈধ ড্রেজার মেশিন দিয়ে স্বল্প খরচে বালু উত্তোলন করে থাকি।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দিয়েছি। উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।