চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হঠাৎ করে জ্বর এবং ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কয়েক দিনে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে কয়েক শত রোগী আসেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
২০ থেকে ২৭ জুলাই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৪০০-এর বেশি লোক। প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন দুই শতাধিক রোগী।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের অধিকাংশ ভাইরাসজনিত জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত। কয়েক দিন ধরে অধিক তাপমাত্রা এবং দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আক্রান্তদের প্যারাসিটামল-জাতীয় ওষুধ দেয়া হচ্ছে। ক্ষেত্রবিশেষে অ্যান্টিবায়োটিকও দেয়া হচ্ছে। এ রোগ থেকে সুস্থ হতে তিন থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে।
উল্লেখ্য, শ্রাবণ মাসেও এ অঞ্চলে তেমন বৃষ্টিপাত হচ্ছে না। এর ফলে তামমাত্রা বাড়ছে বলে জানান অনেকে।