পঞ্চগড়ে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদসহ ৯ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে জেলা কোটা আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় এলে তাদের বাধা দেয় পুলিশ। পরে আধা ঘণ্টা পুলিশ বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভ শুরুর আগে সাধারণ শিক্ষার্থীরা জজকোর্ট এলাকা ও হাসপাতাল চত্বর এলাকায় জড়ো হতে থাকেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পাঁচ শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে। তাদের পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে।



