লক্ষ্মীপুরের রামগতিতে জনবল সঙ্কটে উপজেলা পরিসংখ্যান অফিসের একজন কর্মকর্তাই চালাচ্ছেন পাঁচজনের দফতর। কার্যালয়ের পাঁচটি পদের চারটি পদই তিন বছর ধরে শূন্য।
উপজেলা পরিসংখ্যান দফতর সূত্রে জানা গেছে, বদলিসহ বিভিন্ন কারণে পরিসংখ্যান কার্যালয়ে পাঁচটি শূন্য পদের মধ্যে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, জুনিয়র পরিসংখ্যান সহকারী দু’জন এবং একজন চেইনম্যানের পদ খালি রয়েছে। বর্তমানে পরিসংখ্যান তদন্তকারী ইত্তেহাদুল ইসলাম একাই পাঁচটি পদের দায়িত্ব পালন করছেন। দফতর খোলা, দফতর বন্ধ করা, ঝাড়– দেয়া, দাফতরিক কাজ করা এবং শেষে দফতর তালাবদ্ধ করাসহ যাবতীয় কাজ তিনি একাই সামলাচ্ছেন। এ দিকে জনবল সঙ্কটের কারণে ডাটা কালেকশন ও শুমারি জরিপ পরিচালনাসহ নানা প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে।
এ বিষয়ে দায়িত্বরত পরিসংখ্যান তদন্তকারী ইত্তেহাদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদে যখন সভা থাকে, জেলা দফতরের সভায় এবং মাঠপর্যায়ে জরিপে যাওয়ার সময় বাধ্য হয়েই অফিস বন্ধ করে যেতে হয়। ওই সময় সেবাগ্রহীতা কেউ এলে তাকে তো ফিরেই যেতে হয়। তিনি আরো বলেন, আমি বিগত ২০২১ সালের মার্চ মাসে এখানে যোগদান করি। যোগদানের কয়েক মাস একজন পরিসংখ্যান সহকারী ছিলেন। পরে সেই পদটিও শূন্য হয়ে যায়। বিষয়টি জেলা অফিস জানানো হয়েছে। পাঁচজনের সেবা একা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি।
লক্ষ্মীপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল বলেন, উপকূলীয় এলাকায় জনবল সঙ্কট বিষয়ে আমরা অবগত আছি। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃক্ষকে জানানো হয়েছে। আশা করি, শূন্য পদগুলো দ্রুতই পূরণ হয়ে যাবে।



