শেরপুরে বসতবাড়িতে গাঁজার চাষ করছিলেন সাইফুল ইসলাম। গোপন সূত্রে এমন তথ্য পেয়ে চলে আসে পুলিশ। পুলিশের আগমন টের পেয়ে সাইফুল ও তার পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। গত সোমবার সকালে বিষয়টি জানান, শেরপুর থানার ওসি রেজাউল করিম।
স্থানীয়রা জানায়, সাইফুল একজন মাদক কারবারি। মাদকদ্রব্যের নেশাও আছে তার। কিন্তু তিনি যে গোপনে বাড়িতেই গাজার চাষ করেন, সেটি জানা ছিল না কারো। পুলিশের অভিযানের পর তারা বিষয়টি জেনেছে।
পুলিশ জানায়, প্রতিবেশীদের সহযোগিতায় তারা বাড়ির চারপাশটা অনুসন্ধান করে দেখতে পান ১০ ফুট উচ্চতার একটি লম্বা গাঁজার গাছ। ওজন অন্তত চার কেজি। গ্রামবাসীদের উপস্থিতিতে পুলিশ গাছটি জব্দ করে। পরে ওই রাতেই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
রোববার রাতে ওই অভিযানের নেতৃত্ব দেন শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। তিনি বলেন, সাইফুল ইসলাম পালিয়ে গেলেও তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।