কাপ্তাই লেকে মনোসেক্স জাতীয় তেলাপিয়া মাছ চাষ করে ইউনুচ সফলতা পেয়েছেন। কাপ্তাই হ্রদের মৎস্য খামারে ১৬০টি খাঁচায় বছরে উৎপাদন হচ্ছে ৮০ মেট্রিক টন মাছ। ইউনুচসহ আরো ১০ জন উদ্যোক্তা কাপ্তাই জেটিঘাট সংলগ্ন এলাকায় খাঁচায় মৎস্য চাষ করছেন। কাপ্তাই লেকে খাঁচায় চাষকৃত মাছ সুস্বাদু এবং নিরাপদ। খাঁচায় পদ্ধতিতে কম খরচে মাছ চাষ করায় মৎস্য খামারিরা লাখ লাখ টাকা লাভবান হচ্ছেন বলে জানা গেছে। ইউনুচের সফলতা দেখে অনেক উদ্যোক্তা ও আগ্রহী যুবকরা এই পদ্ধতি অনুসরণ করে মাছ চাষে ঝুঁকে পড়েছেন।
কাপ্তাই লেকে ইউনুচ মনোসেক্স জাতীয় তেলাপিয়া মাছ চাষ করে সফলতা পাওয়ায় রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষির পুরস্কার পেয়েছেন। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে গত বুধবার রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী মৎস্যচাষী মো: ইউনুচকে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন। পরিষদের এনেক্স ভবন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। মৎস্যবিষয়ক আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মো: আবদুর রহিমের সভাপতিত্বে এ সময় জেলা মৎস্য অফিসার অধির চন্দ্র দাস, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোতাছেম বিল্যাহ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: নুয়েন খীসাসহ জেলা পরিষদের সদস্য এবং মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান বলেন, গত ২০২৩ সাল থেকে কাপ্তাই লেকে মো: ইউনুচ খাঁচায় মনোসেক্স জাতীয় তেলাপিয়া মাছ চাষ শুরু করেন। স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে চাষকৃত মাছ রফতানি করা হচ্ছে। মাছ চাষে সফলতা পাওয়ায় স্বীকৃতিস্বরূপ তাকে জেলাপর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষির পুরস্কার দেয়া হয়।