ঢাকা-দোহার মহাসড়কে দোহার উপজেলার লটাখোলা এলাকায় ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। যেকোনো সময় খুঁটিটি ভেঙে পরার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।
জানা যায়, ঢাকা-দোহার মহাসড়েরক পাশে লটাখোলা চাঁদতারা ক্লাবের সাথে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। যেখানে ৩৩ হাজার ও ১১ হাজার কেভিওয়াটের বিদ্যুতের তারের সংযোগ রয়েছে। ওই খুঁটিতে রয়েছে তিনটি টান্সফরমার। গত এক বছর আগে সিমেন্টের ওই খুঁটিতে ফাটল দেখা দেয়। দিন দিন ফাটল আরো বড় হচ্ছে। যেকোনো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খুঁটির মাথা হেলে ভেঙে পরার উপক্রম হয়েছে। খুঁটির গোড়ার রয়েছে একটি মুদি দোকান। দোকানটিও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
দোকান মালিক নাসির উদ্দিন জানান, এক বছর আগে ফাটল দেখা দিয়েছে। দিন দিন ফাটল বড় হচ্ছে। ছয় মাস আগে আমরা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তাদের অবহিত করার পরও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। লটাখোলা গ্রামের আবদুস সালাম জানান, দ্রুত খুঁটিটিকে পরিবর্তন করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দোহার জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী সাদেক মিয়া বলেন, বিষয়টি আমার জানা ছিল না। পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।