ভোলার লালমোহন উপজেলার একটি বিদ্যালয়ের খেলার মাঠে পড়ে আছে সারি সারি ছোট-বড় অন্তত ২৫টির মতো গাছ। প্রায় দুই মাস ধরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গাজুড়ে গাছগুলো পড়ে থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় বেঘাত ঘটছে।
জানা গেছে, লালমোহন উপজেলার রায়চাঁদ বাজারসংলগ্ন এলাকা থেকে লর্ডহার্ডিঞ্জ বাজার পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের কারণে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠের অংশে থাকা সড়কের পাশের গাছগুলো উপড়ে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। প্রায় দুই মাস আগে ছোট-বড় অন্তত ২৫টি চাম্বল গাছ উপড়ে মাঠের মধ্যে ফেলে রাখা হয়। গাছগুলো সরাতে কেউ কোনো উদ্যোগ নেয়নি। লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বন্দ্বে গাছগুলো পড়ে আছে মাঠের মধ্যেই।
এ ব্যাপারে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা ফেরদাউস জানান, মূলত ওই জমি প্রাথমিক বিদ্যালয়ের। প্রাথমিক বিদ্যালয়ের জমির গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। এখন সেই গাছগুলো আমরা তো সরাতে পারছি না। গাছগুলো মাঠ থেকে সরানোর বিষয়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে কথা বলেছি।
এ ব্যাপারে বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, খোঁজ নিয়ে জেনেছি, গাছগুলো আমাদেরই। কিভাবে এই গাছগুলো সরানো যায়, সে বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন, একটি রেজুলেশন করে গাছগুলো মাঠ থেকে সরিয়ে নিতে হবে। আমরা ইতোমধ্যে রেজুলেশন তৈরির কাজ শুরু করেছি। বিদ্যালয় বন্ধ থাকায় একটু দেরি হচ্ছে। তবে বিদ্যালয় খোলার কিছুদিনের মধ্যেই আমরা গাছগুলো সরিয়ে নেবো।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের মাঠ থেকে গাছগুলো সরানোর জন্য বলবো।