চন্দ্রঘোনা ফেরিতে বালু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে অর্ধনিমজ্জিত হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে লিচুবাগান-চন্দ্রঘোনা-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সওজ কর্তৃপক্ষ ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।
গতকাল দুপুর সাড়ে ১২টায় লিচুবাগান-চন্দ্রঘোনা-বান্দরবান সড়কের কর্ণফুলী নদীর রাইখালী ঘাটের ফেরিতে উঠার সময় একটি বালুবোঝাই ট্রাক (নোয়াখালী ট ০৫-০১৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক সওজ কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, চন্দ্রঘোনা ফেরির রাইখালী অংশ হতে বালুবোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল করে ফেরির শেষের দিকে গিয়ে এর কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে পড়ে যায়।
এ সময় ভাগ্যক্রমে ট্রাকের পেছনের অংশ ফেরিতে আটকে যায়, ফলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ক্রেন এনে এই ট্রাকটিকে উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।