বরিশালের গৌরনদীতে পিকআপ ও লড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক নারী।

শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌরসভার গৌরনদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপচালক পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মো: মহিম (২০) এবং পিকআপের সামনে বসা যাত্রী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলেক হাওলাদার (৪২)।

আহত নারী আলেক হাওলাদারের স্ত্রী আসমা বেগম (৩৫)। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী একটি পিকআপ গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত থেকে আসা মাদারীপুরগামী একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমরে-মুচরে যায়।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।