‘আমার বাচ্চার বাবার কাছে খোলা চিঠি’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা কানিজ ফাতেমা মদিনা। এতে তিনি বলেছেন, ‘যদি কখনো কারো ওপর অন্যায়ভাবে গুলি চালানোর আদেশ হয় ওই মুহূর্তে চাকরি ছেড়ে দিও। তাতে যদি কপালে ডাল ভাতও না জোটে তাহলে বিষ নিয়ে এসো হাসি মুখে খেয়ে নিবো। আমরা পাপের টাকায় খেতে পড়তে চাই না।’
কানিজ ফাতেমা মদিনার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
৯ দফা দাবিতে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘোষণার পর রাতে মহম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিকের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট করেন।



