কুয়াকাটাসহ উপকূলীয় এলাকা একটানা পাঁচ দিনের ভারী বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পরেছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে কৃষক ও শ্রমজীবী মানুষ। অতিরিক্ত বৃষ্টিতে পানিতে বিজতলা ডুবে পচে যাওয়ার শঙ্কা রয়েছে।
অপর দিকে ভারী বৃষ্টির কারণে কুয়াকাটা পৌর শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা আটকে গেছে। গ্রামের পানিতে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে অনেক পরিবারের। আমনক্ষেত পানির নিচে ডুবে আছে। ফলে মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন।
লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের সবজি চাষি ছলেমান বলেন, জমিতে লাউ, জালি কুমরা, বেগুন লাগিয়েছিলাম। ঠিক মতো পরিচর্চা করার কারণে গাছগুলো সতেজ হয়ে উঠছিল। কিন্তু টানা বর্ষণে এখন তলিয়ে আছে।
মিশ্রিপাড়া গ্রামের কৃষক মাসুম বলেন, আমাদের জীবন জীবিকা চলে এই কৃষির ওপরে। আমরা সারা বছর চেষ্টা করি ফসল ফলাতে। এ বছর অনেক ফসল রোপণ করেছি। কিন্তু এই বৃষ্টির কারণে সব গাছ তলিয়ে আছে। আমন ধানের বীজ করেছিলাম। সব বীজ পানির নিচে তলিয়ে আছে। এখন বীজ করার সময়ও নেই।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন বলেন, এক সময় জলাবদ্ধতা থাকলেও গ্রামাঞ্চলের খাল-বিল দিয়ে পানি নিষ্কাশন হত। এখন ওইসব খাল দখল হয়ে যাওয়ার কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।



