ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের কামড়ে মিরাজ হোসেন রনি (২৬) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন রনিকে বিষধর সাপে দংশন করলে স্থানীয়রা সিডস্টোর বাজার বাটাজোর রোডে অবস্থিত লতিফ মেডিক্যাল স্টোরে ডাক্তার আশরাফুজ্জামানের কাছে নিয়ে যান। তখন ডাক্তার জানান, সাধারণ সাপে কামড় দিয়েছে, কিছু হবে না বলে প্যারাসিটামল ও গ্যাসের ট্যাবলেট দিয়ে বাড়িতে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর রনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতেই রনি মারা যান।
ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন বলেন, আশরাফুজ্জামান হাসপাতালের অধীনে মল্লিকবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের দায়িত্বে আছেন। তবে, তিনি চেম্বার খুলে ডাক্তারি বা প্রেসক্রিপশন করতে পারেন না। ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।