কুলাউড়ার পৃথিমপাশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে। উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, গণকিয়া গ্রামের ঈদন আলীর ছেলে কামরুল ইসলাম ও শিকড়িয়া গ্রামের জব্বার আলীর ছেলে চান্দ আলী। ঘটনায় সময় তারা সীমান্তে মহিষ চড়াচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সীমান্তবর্তী এক হাজার ৮৪৬ নম্বর সীমানা পিলারের কাছে টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন কামরুল ও চান্দ। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। উন্নত চিকিৎসার জন্য পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: জাকির হোসেন জানান, গুলিবিদ্ধ কামরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাম হাতে চারটি গুলির ক্ষত রয়েছে।
আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার হরি জীবন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।