রাতে আদালত বসিয়ে আবু সাঈদ হত্যা, ভ্যানচালক মানিক হত্যা, তাজহাট থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অফিসে হামলা চেষ্টার মামলায় কারাগারে থাকা এইচএসসি পরীক্ষার্থীসহ আট শিক্ষার্থীকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
গত শুক্রবার রাত সোয়া ১১টায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান তারা। এর আগে রাত ৯টায় রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা তাদের জামিনের আদেশ দেন।
মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন রংপুর সরকারি কলেজের তৌফিক ওমর ধ্রুব, জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা, শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মো: মহিন, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া। পুলিশ তাদেরকে ১৯ ও ২০ বছর বয়স দেখিয়ে আবু সাঈদ হত্যা মামলা জিআর ১০২, অটোচালক মানিক হত্যা ও তাজহাট থানায় আগুন ও ভাঙচুরের মামলা জি আর নম্বর ১০৩ এবং জেলা ট্রাফিক ও পুলিশ লাইনে হামলা, ভাঙচুর জিআর ৩৫৩ তে গ্রেফতার দেখায়। গত ১৯ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। অভিভাবকরা জানিয়েছেন, জামিন দেয়া হলেও অব্যাহতি পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।



