চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারের পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (৩ আগস্ট) দলটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রসীত বিকাশ খীসা বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিবৃতিতে খীসা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলন দমনের নামে অসংখ্য শিশুসহ শত শত নিরীহ মানুষকে হত্যার পর এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নাই।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ও অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে প্রসীত বিকাশ খীসা বলেন, সমতলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাতে জালিম সরকার রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে জনগণের অধিকার হরণ করছে। রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী তৈরি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করে সংগঠনটি।

পরে চলমান রাজনৈতিক সঙ্কটে ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচীর মধ্য রয়েছে, আগামীকাল ৪ আগস্ট রোববার পার্বত্য অঞ্চলের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ। ৫ আগস্ট সোমবার জেলা ও উপজেলায় রোর্ড মার্চ। ৬ আগস্ট মঙ্গলবার সড়ক ও নৌপথ অবরোধ। এছাড়া আগামীকাল থেকে প্রধান ও গুরুত্বপূর্ণ হাটবাজার সমূহ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি সফল করতে কাউখালীর বিভিন্ন স্থানে প্রস্তুতি গ্রহণ করার কথা রয়েছে। তবে কোনো কোনো স্থানে তাদের কর্মসূচি পালন করা হবে তা এখনো নিশ্চিত করেনি সংগঠনটি।