চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লঞ্চের কেবিন থেকে এক প্রেমিক যুগলের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভোটাল গ্রামের আনোয়ার হোসেন (২৮) ও প্রেমিকা রোজিনা।
জানা যায়, আনোয়ার রাজবাড়ীর একটি মাদরাসায় চাকরির পাশাপাশি ওই এলাকার মসজিদে ইমামতি করতেন। রোজিনার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। আনোয়ারের বাবার নাম হাফেজ অলি উল্লাহ। দু’টি লাশ এমভি ময়ূর-৭ লঞ্চের কেবিন থেকে উদ্ধার করেছে পুলিশ। লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছলে লাশ দু’টি উদ্ধার করা হয়।
লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ময়ূর-৭ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রোজিনা আক্তারকে নিয়ে ওই লঞ্চে উঠেন আনোয়ার হোসেন। তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে লঞ্চের ৩১১ নম্বর কেবিন ভাড়া নেন। লঞ্চটি সকালে সদরঘাটে ভেড়ার পর তারা কেবিন থেকে বের না হননি। তাদের সাড়া শব্দ না পেয়ে নৌ পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লঞ্চের কেবিনের দরজা ভেঙে আনোয়ারকে ঝুলন্ত ও রোজিনাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে। সেখানে আনোয়ার হোসেনের লেখা একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল প্রেমিকাকে পরিবারের পক্ষ থেকে মেনে না নেয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পরে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।