বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের ওপর হামলা, পুলিশের গুলি ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার জয়পাড়া, লটাখেলা আশপাশের আরো কিছু এলাকায় ধমধমে অবস্থা বিরাজ করছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে একটি মিছিল নিয়ে পালামগঞ্জের দিকে যাওয়ার সময় লটাখোলা প্রাইমারি স্কুল অতিক্রম করলে বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদারের নেতৃত্বে পাঁচটি মোটরসাইকেলযোগে পেছন দিক থেকে এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

ছাত্রদের হামলার খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা লটাখোলা করম আলী মোড় থেকে মিছিল নিয়ে থানার মোড়ে পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। তবে পুলিশের গুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে লটাখোলা বাঁশতলা এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে। মোটরসাইকেল তিনটি আওয়ামী লীগ নেতার বলে দাবি করা হয়েছে।