চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান বালুখেকো সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাঘড়া বাজার চৌরাস্তায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, শেখ হাসিনার পতনের পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনতার রোষে পড়েন তারা। সেখানে নিজ পিস্তল থেকে গুলি করে বেরিয়ে এলেও পাশ্ববর্তী বাঘড়া বাজার চৌরাস্তায় এসে পুনরায় জনরোষে পড়েন তারা। সেখানে গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ মুহসীন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদেরকে কেউ খবর দেয়নি। আমাদের জানমালের নিরাপত্তার কারণেও সেখানে কাউকে পাঠানো হয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক বনে যান। এসব ঘটনায় সে কারাভোগ করেন এবং দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। সেলিম খান একজন আলোচিত প্রযোজকও। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার।
এছাড়া সেলিম খানকে পদ্মা-মেঘনার চর থেকে বিভিন্ন সময় বালু তোলাসহ নানা কারণে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে আজীবন বহিষ্কার করে আওয়াম লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
এদিকে ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের। এরপর ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ ও ‘বিক্ষোভ’ সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও তার অভিনীত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।



