রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি কামরুল ইসলাম কলেজে সরকারি বিধি ভঙ্গ করে সহকারী অধ্যাপককে উপেক্ষা করে একজন প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব অর্পণের অভিযোগ উঠেছে বিদায়ী অধ্যক্ষ আইয়ুব আলী সরদারের বিরুদ্ধে।
গত বছর ৮ জুন অধ্যক্ষ আয়ুব আলী সরদার ওই কলেজে যোগদান করেন। যোগদানের পর থেকে সরকারি কাজের প্রয়োজন দেখিয়ে সাধারণ শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে কয়েক দফায় দুই থেকে পাঁচ হাজার টাকা করে টোকেন মানি আদায় করেন। এনিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
এমতাবস্থায় গত ২৫ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি কলেজ-২ উপসচিব চৌধুরী সামিয়া রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যক্ষ আইয়ুব আলী সরদারকে পদায়ন করে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে রসায়নের অধ্যাপক হিসেবে যোগদানের নির্দেশ আসে। অধ্যক্ষ আয়ুব আলী সরদার ১ আগস্ট সিনিয়র সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টুকে উপেক্ষা করে নবম গ্রেডের প্রভাষক শামসুন্নাহার সিদ্দীকা জলিকে ভারপ্রাপ্ত দায়িত্ব হস্তান্তর করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে শিক্ষাসচিব সোলেমান খান স্বাক্ষরিত এক পরিপত্র অনুযায়ী যানা যায়, উপাধ্যক্ষ না থাকলে সিনিয়র সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব প্রাপ্ত হবেন। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সহকারী অধ্যাপক রয়েছেন দুইজন। নুরুল ইসলাম ও আমিরুল ইসলাম লিন্টু এদের মধ্যে আমিরুল ইসলাম জ্যেষ্ঠতম। তাদের প্রত্যেকের গ্রেট-৬। তাদের কাউকে না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হলো নবম গ্রেডের প্রভাষক শামসুন্নাহার সিদ্দীকা জলিকে।