ভারতের ত্রিপুরায় হাসিবুল গাজী ও হাসিব ফকির নামে দুজন বাংলাদেশী আটক হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিকেলে ত্রিপুরারাজ্যেরা কৈলাসহর থানার সামনে থেকে স্থানীয় ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে।

জাগরণ ত্রিপুরা নামে একটি অনলাইন সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সংবাদ মাধ্যমটি ঘটনার বিবরণে জানায়, বুধবার বিকেলে কৈলাসহর থানার সামনে দুজন বাংলাদেশী যুবক ঘুরাফেরা করছিল। কৈলাসহর ট্রাফিক ইনচার্জ বিক্রম দাস তাদেরকে দেখতে পায় এবং তার সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসা করে জানা যায় ওরা বাংলাদেশী।

এরপর তিনি ওই দুই বাংলাদেশী যুবককে কৈলাসহর থানার হাতে তুলে দেয়। বর্তমানে তারা কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। ওরা সংবাদমাধ্যমকে জানায় অবৈধভাবে ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে।

তবে ওরা ভারতের কোন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছে সেই বিষয়ে কিছু জানায়নি। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।