জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার বিকেলে বিশাল সমাবেশ হয়েছে। পাটগ্রাম পৌর শহরের চৌরাস্তা মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী মিছিলসহকারে সমাবেশে যোগ দেন।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অধ্যাপক আতাউর রহমান, জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম রাজু, উপজেলা কর্মপরিষদ সদস্য একরামুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্র্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়ে কাউকে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম রাজু জগতবেড় ইউনিয়নের বটতলা বাজারে হিন্দু সম্প্র্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।