বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লালমনিরহাটে বিশৃঙ্খলা-অরাজগতাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। এতে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। দোকান দোকানে ঝুলিয়ে দেয়া হয়েছে মূল্য তালিকা। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। গত শনিবার লালমনিরহাট শহরের মিশন মোড়, সেনামৈত্রী মার্কেট, বিডিআর গেটসহ বিভিন্ন বাজার মনিটরিং করছে ছাত্ররা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরপরই রাজপথে বিজয় মিছিলে নিয়ে নেমে আসে ছাত্র-জনতা। এর পর থেকে ছাত্ররা নিজ উদ্যোগে লালমনিরহাটের মিশন মোড় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক না থাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন, হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়াসহ স্বেচ্ছাসেবী হিসেবে আরো নানা কাজ করে যাচ্ছে ছাত্ররা।

এবার তারা বাজার মনিটরিংয়ে কাজে নেমেছেন। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কাজ করছেন বাজার নিয়ন্ত্রণে। দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে দেয়া, ট্রেড লাইসেন্স চেক করা, যৌক্তিক দামে পণ্য বিক্রি করা হচ্ছে কি না সেটির তদারকি করা, নিজ দোকানের সামনের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ইত্যাদি নিয়ন্ত্রণ করছে তারা। বাজারে শিক্ষার্থীদের এমন উপস্থিতিকে সমর্থন করছেন ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষ। মুদি, মাছ, গোশতের দোকানে মূল্য তালিকা লাগানোর কথা বলছেন। এতে বিভিন্ন এলাকায় এক-দুই দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম ৮ থেকে ১০ টাকা কমেছে।
শিক্ষার্থীরা জানান, দোকানদারদের অনুরোধ করা হচ্ছে দাম সহনীয় পর্যায়ে রাখতে। ক্রেতা মফিজুল আলম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার তদারকি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে ছাত্ররা। এটি দেখে ভালো লাগছে। এখন দেখি তারা বাজারও মনিটরিং করছে। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।
ক্রেতা জব্বার হোসেন বলেন, আমাদের ছাত্ররা দেশটাকে নতুন করে স্বাধীন করে দিয়েছে। এখন দেখছি তারা স্বপ্রণোদিত হয়ে দেশ গড়ার কাজে নেমেছে। আমরা তাদের সাধুবাদ জানাই।