বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদ লুণ্ঠনকারী ও বিদেশে সেকেন্ড হোমের মালিকদের বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও স্বৈরাচারী হাসিনা সরকারের গুম-খুন ও মিথ্যা মামলার প্রতিবাদে পৌর শহরের চৌরাস্তায় এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

মেজর (অব:) হাফিজ বলেন, যারা বাংলাদেশের গরিব মানুষের টাকা মেরে দিয়ে দেশের টাকা লুণ্ঠন করে কানাডায় বেগম পাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, বর্তমান সরকার তাদের প্রত্যেকের বিচার করতে হবে।

আওয়ামী লীগকে বিএনপি বিতাড়িত করেনি মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিবেন। আজ কোথায় আওয়ামী লীগ? ইয়েমেনের শাসক আবরাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবীরা ও মা-বোনেরা রাস্তায় নেমে স্বৈরাচারী আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিয়েছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে নগদ অনুদান বিতরণ করেন এবং শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সোহেল আজীজ শাহিনসহ আরো অনেকে।