মানিকগঞ্জের সিংগাইরে মাদক কারবারে বাধা দেয়ায় সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার গভীর রাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার মো: আইয়ুব খানের ছেলে ও দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজ (৩৪) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদককারবার করে আসছিল। সাদ্দাম হোসেন তাদের এ কাজ করতে নিষেধ করে। এ থেকে মিরাজ গং তার প্রতি ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে সোমবার রাত সাড়ে ১২টার দিকে জরুরি কথা আছে বলে মিরাজ গং সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে পার্শ¦বর্তী চর কানাইনগর বিশ্বাসপাড়া ব্রিজের কাছে নিয়ে তাকে পেটে, হাতে ও গলায় ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



