কিশোরগঞ্জের হোসেনপুরে দুই শিশুকে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খড়ের গাদায় আগুন দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে উপজেলার ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মালীর বাড়ির উঠানে রক্ষিত বিপ্লবের একটি খড়ের গাদায় দু’শিশু পিয়াস (১২) ও আকাশকে (১৩) আগুন দেয়ার নির্দেশ দেন।
আরো জানা গেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিএনপি’র ওপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: বাচ্ছু মেম্বার এ নির্দেশ দেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক মো: আবু বকর সিদ্দিক, স্থানীয় বিএনপি নেতা মুকুল মিয়া ও জামান মেম্বারসহ অনেকেই জানান, মঙ্গলবার রাতে উপজেলার ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মালীর বাড়ির উঠানে রক্ষিত বিপ্লবের একটি খড়ের গাদায় আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় ওই দু’শিশু। তাদের পিটুনি দিলে তারা উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: বাচ্ছু মেম্বার আগুন দেয়ার নির্দেশ দাতা হিসেবে উল্লেখ করে।
আগেও অন্য দু’জায়গায় আগুন দেয়ার চেষ্টা করেছিল ওই দু’শিশু বলে জানায়।
এ ঘটনার পর থেকে বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো: আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এলাকায় পাহারা জোরদার করা হয়েছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি বিষয়টি অবহিত হয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।



