অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাজায় অংশ নিতে এসে একথা বলেন তিনি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় সাজিকে।
উপদেষ্টা নাহিদ হাসান আরো বলেন, ‘সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছে। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম।’
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি এস এম সোবাহান প্রমুখ।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



