বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে চকরিয়ার শহীদ আহসান হাবিবের পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ এক লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

এ সময় তিনি শোকাহত পরিবার-পরিজনকে সান্তনা প্রদান করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জামায়াত নেতা হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর আমির আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বাশার ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লবসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ফাঁসিয়াখালি কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের এ শিক্ষার্থী আহসান হাবিব হাসান গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কক্সবাজার শহরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন।