শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার পতনের পরদিন থেকে চকরিয়ায় সরকারি রিজার্ভ বনভূমি ও সামাজিক বনায়ন ধ্বংস করে সেসব ভূমি দখলে নেয়ার জন্য তৎপর হয়ে উঠছে দখলবাজরা। গত মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, চকরিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বরইতলী বনবিটের সরকারি বনভূমিতে সৃজিত বেত বাগান ধ্বংস করে একদল অবৈধ দখলবাজ সেই জমি দখলে নেয়ার চেষ্টা করছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের অধীনে চকরিয়ার বরইতলী বনবিটের মহাসড়ক লাগোয়া বেশ কিছু বেত বাগান রয়েছে। এ বেত বাগান দখল নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ভূমিদস্যুরা। বনবিভাগের নিজস্ব অর্থায়নে এসব বাগান সৃজন করা হয়েছে।
বরইতলী বনবিট কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সম্প্রতি সরকারের পটপরিবর্তনের পরদিন থেকে বরইতলী এলাকার কিছু দুর্বৃত্ত দফায় দফায় সরকারি এ বন বিভাগের বেত বাগান ধংস করে অবৈধভাবে বনভূমি দখলের নেয়ার চেষ্টা চালাচ্ছে। পরে বন বিভাগের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।